ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার (৪ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার নগর জলফৈ বাইপাসে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়াসির আরাফাত।
নিহত কাভার্ডভ্যান চালক আরাফাত শেখ রংপুরের বদরগঞ্জ থানার পালিপাড়া গ্রামের মো. আকবর আলী সেতুর ছেলে।
ইয়াসির আরাফাত জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। বিপরীত দিক থেকে আসা ওয়ালটনের ছোট কাভার্ড ভ্যান ঘটনাস্থলে পৌছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমরে মুচরে যায়। কাভার্ড ভ্যানটি রাস্তায় উল্টে যায়। এ সময় চালকের ডান হাত কেটে শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ সময় গুরুতর আহতাবস্থায় বাস চালক জাহাঙ্গীর হোসেনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।